ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, বাস ও যাত্রীবাহী ছোট যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি জানায়, গভীর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে বিকন বাতি ও মাকিং পয়েন্ট দেখা না যাওয়ায় সম্ভাব্য নৌ দূঘর্টনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এরপর নৌযান চলাচলের অনুকূল পরিবেশ তৈরি হলে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুনরায় চালু করে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে উভয় প্রান্তের যানজট কমতে শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছালাম জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই কুয়াশার সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৬টা দিকে কুয়াশার ঘনত্ব কমে এল এ রুটে ফেরি চলাচল চালু করা হয়।