বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পিসিবির

আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, তার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে দেওয়া এক চিঠিতে পাকিস্তান স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে একমত।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রাখা ঠিক হবে না।’ পিসিবি কেবল আইসিসিকেই চিঠি দেয়নি, বরং আইসিসি বোর্ডের অন্য সদস্যদেরও এর অনুলিপি পাঠিয়েছে। পাকিস্তানের এই হঠাৎ পদক্ষেপে বিশ্ব ক্রিকেটে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি খবর ছড়িয়েছে যে, বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে। পাকিস্তান তাদের প্রস্তুতি স্থগিত করার পরিকল্পনা করছে।

বিবাদের মূলে রয়েছে আইপিএল ২০২৬-এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া। এর পরপরই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ও বিসিবি ঘোষণা দেয় যে, তারা ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। তারা দাবি তুলেছে, বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ যেন ভারতে না রেখে সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।

আইসিসি এখন উভয়সঙ্কটে। এর আগে ঢাকা ও দুবাইয়ে একাধিক বৈঠক হলেও কোনো পক্ষই নমনীয় হয়নি। আইসিসি জানিয়েছে, ভারতের কোনো ভেন্যুতে সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই, তাই সূচি পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে দেবে।