নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার ও আশ্রিতদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে । ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিবার ছাড়া কর্মরত কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কূটনীতিকের স্ত্রী–সন্তান বা অন্যান্য পরিবারের সদস্যদের দেশে থাকার অনুমতি দেওয়া হয় না।
তবে প্রতিবেদন অনুযায়ী, ঢাকাসহ খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর চারটি সহকারী হাইকমিশন পূর্ণ শক্তিতে কার্যক্রম চালিয়ে যাবে।ফেব্রুয়ারিতে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার আগে সম্ভাব্য নিরাপত্তা হুমকি বিবেচনায় পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল।
ডিসেম্বরে ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে কষাঘাতপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ও ঢাকায় কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসেন এবং জাতীয় সংসদ ভবনে নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।