দাঁড়িপাল্লার জন্য ভোট চাইলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াত ইসলামের প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে।

তিনি কাঁঠালিয়া রাজাপুর আসনের সমর্থকদের উদ্দেশে বলেন, যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন, তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল।

ওইদিন রাতেই দাঁড়িপাল্লায় ভোট চাইলে জানিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন এনসিপি নেত্রী। তিনি লেখেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ভাইকে সঙ্গে নিয়ে ১০ দলীয় জোটের জেলা উপজেলার দায়িত্বশীলদের সঙ্গে রাজাপুরে পরিচিতি সমন্বয় সভা। ইনশাআল্লাহ আগামীকাল (২১ জানুয়ারি) কাঠালিয়ায় থাকব বিকেল ৪টায়।

তিনি আরও বলেন, এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো আলহামদুলিল্লাহ। ঝালকাঠি-১ এর মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই। আর ঢাকা ১১-তে শাপলা কলিতে ভোট চাই। পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।