চিত্রনায়ক জাভেদ মারা গেছেন

দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। অবশেষে আজ (২১ জানুয়ারি) তিনি না ফেরার দেশে চলে গেলেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থার কারণে ঘরবন্দি ছিলেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 

পরে একটু সুস্থ হলে বাসায় ফিরেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার হয়। তারপর থেকে এই ভালো, এই খারাপ যাচ্ছিল তার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অসংখ্য জনপ্রিয় সিনেমার এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।