নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তারেক রহমান

ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি রাজধানীর কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানেই তিনি এসব অভিযোগ করেন।

নাসীরুদ্দীন বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়। এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন। তার বক্তব্যে বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথেই এগোচ্ছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। তিনি বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ওই কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং প্রশাসনে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তার নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদির বিচার দাবি থাকবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি।