জামিন মঞ্জুর হওয়ার পর আর দিনের পর দিন কারাগারে আটকে থাকার ভোগান্তি পোহাতে হবে না—এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে চালু হওয়া ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার ফলে জামিন পাওয়া ব্যক্তিরা কয়েক ঘণ্টা বা সর্বোচ্চ এক দিনের মধ্যেই মুক্তি পাবেন বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে এসব কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিচারকের স্বাক্ষরের পর বেইল বন্ড এখন সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে জামিন মঞ্জুর হওয়ার পর মুক্তির জন্য অপ্রয়োজনীয় অপেক্ষা বা দীর্ঘ প্রক্রিয়ার আর প্রয়োজন হবে না।
আইন উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আগে জামিনের আদেশ পাওয়ার পরও মুক্তি পেতে বিচারপ্রার্থীদের একাধিক ধাপ পেরোতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি মানসিক চাপও বাড়ত। অনেক ক্ষেত্রে জামিনের পরও কয়েক দিন বা সপ্তাহ ধরে কারাগারে থাকতে হতো অভিযুক্তদের। নতুন ডিজিটাল ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে বলে তিনি মনে করেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, এই ব্যবস্থায় বেইল বন্ড সংক্রান্ত প্রতিটি ধাপের তথ্য, কার কখন স্বাক্ষর হয়েছে—সবই ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত ব্যয় কমবে এবং সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয়ও সাশ্রয় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস. এম. এরাশাদুল আলম ও খাদেমুল কায়েসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া সংশ্লিষ্ট আটটি জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, কারা অধিদপ্তর ও পুলিশের কর্মকর্তারা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।