শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় বিপিএল থেকে বিদায় নিয়েছে তারকাবহুল রংপুর রাইডার্স। গতকাল মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে রংপুরকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। স্বাভাবিকভাবেই আরও একবার হৃদয় ভেঙেছে রংপুর সমর্থকদের। আজ সেই সমর্থকদের কাছেই ক্ষমা চেয়েছেন রংপুর অধিনায়ক লিটন দাস।
আজ বুধবার লিটন তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘রংপুর রাইডার্সের সমর্থকদের উদ্দেশে— এই দলের অধিনায়ক হিসেবে পুরো স্কোয়াডের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমরা চেষ্টা করেছি, বিশ্বাস রেখেছি, খুব কাছাকাছিও পৌঁছেছিলাম—কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। এই যাত্রার এখানেই শেষ নয়। দল হিসেবে আমরা কথা দিচ্ছি, আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। জয়ের লড়াই চলবে।’
টুর্নামেন্টের শেষভাগে এসে নুরুল হাসান সোহানের জায়গায় রংপুরের নেতৃত্বভার পাওয়া লিটন আরও লিখেছেন, ‘রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে বিশেষ ধন্যবাদ—আপনাদের আবেগ ও পেশাদারিত্ব আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করেছে। আপনারা সত্যিই আরও ভালো কিছুর যোগ্য ছিলেন। আর আমাদের ভক্তদের বলি, অটুট সমর্থনের জন্য ধন্যবাদ। এবার স্বপ্ন পূরণ করতে না পারায় দুঃখিত—আমরা আবার লড়াইয়ে ফিরব।’