লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগারে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল বাশার (৪৫)। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আবুল বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। 

পুলিশ জানান, বুধবার সন্ধ্যায় মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতেই তার দাফন করা হবে। 

লক্ষ্মীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, একটি ডাকাতির মামলায় গত ১৬ জানুয়ারি আবুল বাশারকে কারাগারে আনা হয়। নিহতের দুই সহবন্দি তাকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর ডিবি পুলিশ থানায় নিয়ে তাকে মারধর করেছে। বিষয়টি জানার পর তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন অভিযোগ করে বলেন, আবুল বাশার এলাকায় মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে এক ভরি স্বর্ণও নগদ ২০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

পরিবারের দাবি, আটক করার পর দুদিন থানায় রেখে আবুল বাশারের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে একটি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় আবুল বাশারের  শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলমের মুঠো ফোনে জানান, হাজতির নাম আবুল বাশার (৪৫)। তার মৃতদেহ পরিবারের নিকট বুধবার সন্ধ্যায় বুঝিয়ে দেওয়া হয়েছে। স্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।