মাগুরায় ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মাগুরায় আদালতে মামলা হয়েছে। 

আজ বুধবার দুপুরে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। আদালত মামলাটি গ্রহণ করে বিষয়টি আমলে নিয়েছেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচারিত এক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম সরাসরি উল্লেখ করে বিকৃত, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক শব্দচয়ন করেন। অভিযোগে বলা হয়, এ ধরণের বক্তব্য একজন প্রয়াত ব্যক্তির সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে তার পরিবার, সংগঠন ও অনুসারীদের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। 

মামলার বাদী শরিফুল ইসলাম বলেন,‘একজন পরিচিত ও প্রয়াত ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অবমাননাকর বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে। এটি স্পষ্টতই মানহানির অপরাধ। 

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী আ.ন.ম. সিরাজ উদ্দিন মিহির জানান, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌর সুন্দর মামলাটি গ্রহণ করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবেন বলে তিনি জানান। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও নাগরিক মহলে ব্যাপক আলোচনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।