জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১০ দলীয় জোট নির্বাচিত হলে দেশের মানুষের জানমাল নিরাপদ থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজারে আয়োজিত প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, ১০ দলীয় জোট এখন একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে রয়েছে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রসমাজের প্রতিনিধি ও দেশের বড় ইসলামী দলসমূহ।
তিনি বলেন, আমরা যে দলই করি না কেন, উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে।
ভারতের ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন। শর্তগুলো হলো: ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের পুনর্বাসন, বাংলাদেশের অস্ত্র ক্রয়ে ভারতের অনুমতি বাধ্যতামূলক করা এবং ইসলামপন্থী দলগুলোকে দমন করা।
হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই দেশে হিন্দুদের অনেক জায়গা দখল হয়েছে ঠিকই, কিন্তু জামায়াতের একজন কর্মীও এ কাজে জড়িত নয়। যারা ভারতকে বন্ধু মনে করে, তারাই মূলত এসব লুটপাট করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন ও শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম।