বাবার কবর জিয়ারত করে জামায়াত প্রার্থী আনোয়ারীর প্রচারণা শুরু

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রচারণার প্রথম দিনেই তিনি তার মরহুম বাবার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া নিজ এলাকার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন আনোয়ারী। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে আনোয়ারী স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব। তিনি এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

স্থানীয় জামায়াত নেতারা জানান, আনোয়ারী একজন সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা তার ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন।

বাবার কবর জিয়ারতের পর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কয়েকটি এলাকায় প্রচারণা শুরু করেন এবং বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেন। 

স্থানীয় জামায়াত নেতাকর্মীরা আরো জানান,আনোয়ারী সাহেব যেখানেই যাচ্ছে, মানুষের ঢল নামছে। ওনি হাঁটলেই মিছিলে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের ব্যাপক ছাড়া পাচ্ছেন। 

উল্লেখ্য, কক্সবাজার-৪ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।