তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই আগস্টে শহীদ হওয়া ইমরানের বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নাসিরনগর সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী নামক স্থানে মোটরসাইকেল পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষে ছোঁয়াব মিয়া (৫৫) নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোঁয়া মিয়া। ধরন্তী যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।  তিনি জুলাই গণঅভ্যুত্থানের নারায়ণগঞ্জে শহীদ হওয়া ইমরানের বাবা ছোয়াব মিয়া।

ছোয়াব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নান দৈনিক দেশ রূপান্তরকে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেছিলেন, আজ সরাইল কুট্টাপাড়ায় তারেক রহমানের সাথে জুলাই-আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের সাথে পরিচয় হবেন দলের চেয়ারম্যান। আমি ছোঁয়াব মিয়াকে খবর দিলে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি তার পরিবারের প্রতি বিএনপির পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিরনগর থেকে সরাইলের কুট্টাপাড়ায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।