অপুষ্ট শিশুদের চিকিৎসা সহায়তায় আইসিডিডিআর, বি ও ইস্পাহানি গ্রুপ

তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা দিতে আইসিডিডিআর, বি-র সাথে অংশীদারিত্ব করেছে ইস্পাহানি গ্রুপ। এই সহযোগিতার আওতায় আইসিডিডিআর, বি ঢাকা হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিট (এনআরইউ)-এ চিকিৎসাধীন প্রায় ৩০০ তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে সহায়তা প্রদান করা হবে।

আজ আইসিডিডিআর, বি-র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. সারাহ মারিয়া সালওয়ে এর কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ওমর হান্নান, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং; এইচ. এম. ফজলে রাব্বি, ডেপুটি জেনারেল ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড) এবং সুব্রত দেব, ম্যানেজার মার্কেটিং (ব্র্যান্ড)। আইসিডিডিআর, বি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদসহ সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা।

‘আইসিডিডিআর, বি এর নামের পরিধির চেয়েও অনেক বিস্তৃত কাজ করছে। প্রতিষ্ঠানটি যে ভালো কাজগুলো করছে, সেগুলোর জন্য আমি এর সর্বোচ্চ সাফল্য কামনা করি,’ অনুষ্ঠানে বলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রদত্ত এই সহায়তা বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা-তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসন সেবা প্রদানে আইসিডিডিআর, বি-কে সক্ষম করবে।

বাংলাদেশে শিশুদের অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো অপুষ্টি। আইসিডিডিআর, বি-র গবেষণায় দেখা গেছে, তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুরা হাসপাতাল থেকে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো গুরুতর রোগের সফল চিকিৎসা নিয়ে ফেরার পরও তাঁদের মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। এই ঝুঁকি কমাতে আইসিডিডিআর, বি ঢাকা হাসপাতালের এনআরইউ একটি প্রমাণভিত্তিক ও টেকসই পুষ্টি পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করে।

এনআরইউ-তে একটি মানসম্মত ডায়েট প্রোটোকল অনুসরণ করা হয়, যেখানে স্বল্প খরচে, স্থানীয়ভাবে সহজলভ্য এবং সাংস্কৃতিকভাবে উপযোগী উপকরণ দিয়ে তৈরি পুষ্টিকর খাবারের মাধ্যমে শিশুদের দ্রুত ‘ক্যাচ-আপ’ বৃদ্ধি নিশ্চিত করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করা হয় এবং দক্ষভাবে পরামর্শ দান ও হাতে-কলমে শেখানোর মাধ্যমে মা ও পরিচর্যাকারীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যেন বাড়িতেও শিশুর দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করা যায়।

ইস্পাহানি গ্রুপের এই সহায়তা এমন একটি প্রমাণিত কর্মসূচিকে শক্তিশালী করছে, যা কেবল স্বল্পমেয়াদে জীবন রক্ষা করে না, বরং তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য একটি সুস্থ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে। এই অংশীদারিত্ব শিশু অপুষ্টি মোকাবেলায় টেকসই ফলাফল অর্জনে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।