রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা তার রিট খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

এর আগে গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। তারও আগে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।

আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকি। ওই দিন বিকেলে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম ছুপু বলেন, প্রিয় নেতার জন্য কর্মীরা কাঁদছেন। এতদিনের সাজানো গোছানো মাঠ শেষ হয়ে গেছে।