চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিকনিক ও মিলন মেলা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন পটিয়া প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
সবুজ পাহাড়, নির্মল বাতাস ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মিলন মেলা ও প্রাতঃরাশের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক পর্বসহ নানা বিনোদনমূলক কার্যক্রমে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী মহসিন ও প্রণব বড়ুয়া অর্নবসহ পটিয়া প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের বাইরে এমন মিলন মেলা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন মানসিক প্রশান্তির পাশাপাশি সংগঠনের বন্ধনকে আরও দৃঢ় করে।
পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল পাহাড়ি পরিবেশে দলীয় মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে এবং বড়রা স্মৃতিচারণ ও আড্ডায় সময় কাটান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা হবে।