প্রচারের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৫ (মনিরামপুর) আসনের দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিকেল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে মনিরামপুর পৌরশহরে একটি গণমিছিল বের করা হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিলের কারণে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পৌরশহর অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিছিল শেষ হওয়ার পরপরই জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আরেকটি গণমিছিল বের করা হয়। এই মিছিলেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন, ফলে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়।
এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।