গোপালদীতে রাস্তা কেটে ভবন নির্মাণ, অভিযানে কাজ বন্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার টোকসাদী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা কেটে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে টি-আর প্রকল্পের আওতায় নির্মিত রাস্তায় ভবনের পিলার স্থাপনের জন্য গর্ত খনন করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাস্তা কেটে তৈরি করা গর্তগুলো বালি ও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়।

এ সময় অভিযুক্ত মোকররমকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও নির্মাণাধীন ভবনের তিনটি পিলার থেকে রড কেটে তার স্ত্রী আছমা আক্তারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযানের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোকররম এর আগেও একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে সময়ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিল।

সরকারি অবকাঠামো ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।