কামরাঙ্গীরচরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে ফারজানা আক্তার নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর চান মসজিদ কসাই গলির একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্বজনরা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাদের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গেন্দুকরি গ্রামে। শিশুটির বাবা ওমর ফারুক রিকশা চালক। বর্তমানে কামরাঙ্গীরচর চান মসজিদ কসাই গলির একটি বাড়ির চারতলায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে শিশুটি নানী মর্জিনা বেগমের কাছে ছিল এবং খেলছিল। তবে কিছুক্ষণ পর শিশুটি নানীর অগোচরে রুম থেকে বেরিয়ে যায়। পরে খুঁজতে গিয়ে দেখেন, বাথরুমে পানি ভর্তি বালতির মধ্যে উপর হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।