ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মো. রুবেল আহমেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামি রুবেল আদালতকে বলেন, ফয়সালের সঙ্গে ঘটনার কয়েক দিন আগে মোবাইল ফোনে তার কথা হয়। মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যক্তিগত বিষয়েই আলাপ হয়েছে। আমার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।