র‌্যাব কর্মকর্তা হত্যায় সীতাকু- থানায় মামলা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া খুনের ঘটনায় সীতাকু- থানায় মামলা করেছে র‌্যাব-৭। এ ঘটনায় এজাহারভুক্ত দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে র‌্যাবের একজন উপসহকারী পরিচালক (ডিএডি) মামলাটি করেন। মামলায় জঙ্গল সলিমপুর আলিনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তার সহযোগী নুরুল হক ভা-ারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত দুই আসামি হলেন মোহাম্মদ ইউনুস ও জাহিদ হাসান। অন্যজন আরিফ হোসেন।  গ্রেপ্তার আসামিদের  আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকু- থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, ‘বুধবার রাতে মামলার পর জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মূল আসামি ইয়াসিনের বিরুদ্ধে চারটি ও নুরুল হক ভা-ারীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’