ড. খলিলুরের সঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল বিকেলে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ঘণ্টাব্যাপী বৈঠকে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, অভিবাসনবিষয়ক ইস্যু, যেমন ভিসা বন্ড ও বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো, বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিষয়ে সাধারণ উদ্বেগগুলো।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচন ও ব্যাপক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।