মূল্যবৃদ্ধি ঠেকাতে ওএমএসে চাল বিক্রি শুরু

চালের মূল্য স্থিতিশীল রাখতে দেশের ৪১৯টি উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার থেকে ওএমএস কর্মসূচির আওতায় এই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে দৈনিক ১ টন করে চাল বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ওএমএস সাধারণ কর্মসূচি চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওএমএস অতিরিক্ত কর্মসূচি। ওএমএস সাধারণ কর্মসূচির আওতায় বর্তমানে সারা দেশের ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭ দশমিক ৫ টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১ হাজার ১৭৫ টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।