পঞ্চগড়ে তিনটি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাসদ।
বৃহস্পতিবার বিকেলে দলটির পঞ্চগড়-১ আসনের প্রার্থী নাজমুল হক প্রধান এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী এ মরান আল আমীন নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রথমে তারা পঞ্চগড় শহীদ মিনারে, পরে মুক্তিযুদ্ধের বধ্যভূমি এবং সর্বশেষ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জুলাই স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী নাজমুল হক প্রধান। তিনি বলেন, ‘জুলাই শহীদদের স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে তাদের রক্ত ছুঁয়ে আমি বলতে চাই—এই জনপদ অসংখ্য সংগ্রামের জনপদ। হাজার বছরের বাংলাদেশ হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। এখানে নদী ছিল, মাঝি ছিল, পাহাড়-পর্বত ছিল, জারি ছিল, সারি ছিল, কীর্তন ছিল, মার্শিয়া ছিল, হুলি গান ছিল— সবই ছিল। কিন্তু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছিল না।’
তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট ও সংগ্রামের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে বিদেশি শকুনের নজর থেকে রক্ষা করতে হবে— এটাই এই নির্বাচনের শপথ। আমরা একাধিক দল মিলে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করেছি। আমরা কোনো জোটে নেই, জনগণের সঙ্গে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
নাজমুল হক প্রধান বলেন, ‘আমরা যদি বিজয়ী হই, তাহলে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করব। ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।’