বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হওয়া দুই নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। আজ শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার বিএনপি নেতা মো. রেজাউল করিম সরদার, নেত্রকোনা জেলা মহিলা দলের সহ-সভাপতি ও খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ারা বেগমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।