শীত শেষ না হতেই চড়া সবজির বাজার

শীত মৌসুম শেষ হওয়ার পথে, এরইমধ্যে রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ভরা মৌসুমে সবজির দাম অনেকটা নাগালে থাকলেও শেষের দিকে আসায় দর এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ছোট আকারের ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সালাউদ্দিন সাবু জানান, গত কয়েকদিন ধরে তুলনামূলক কম দামে সবজি কিনেছেন, তবে আজ সবজির দাম বাড়তে শুরু করেছে। প্রতিটা সবজির দামই ১০ থেকে ২০ টাকা বাড়তি। 

মালিবাগ বাজারের ক্রেতা সাবিনা জানান, কয়েকদিন আগেই ফুলকপি কিনেছেন ২০-৩০ টাকা পিস। আজ সেই ফুলকপির দাম চাচ্ছে ৫০ টাকা। দরদাম করে শেষ পর্যন্ত ৪০ টাকায় কিনেছেন। এভাবে প্রতিটি সবজির দামই ১০ থেকে ২০ টাকা করে বেশি।

সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে রামপুরা বাজারের বিক্রেতা জামাল বলেন, আসলে শীত মৌসুমে সবজির দাম তুলনামূলক অনেক কম থাকে। এখন শীত চলে যাচ্ছে, সে কারণে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কমতে শুরু করেছে। আগে যে সবজি পাইকারি বাজারে কম দামে কিনেছি, সেই সবজি এখন ১০ থেকে ২০ টাকা বেশিতে কিনতে হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।