সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে বুচাই চান পাগলের মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না; নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।
প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ নিয়ে কোনও সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম।
বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক উল্লেখ করে প্রেস সচিব বলেন, বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ। ইসলাম এই ভূখণ্ডে এসেছে তাদের হাত ধরেই। মাজারে আঘাত ও ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারো পছন্দ না হলে তিনি সেখানে যাবেন না।