ফাইনালের দেড় ঘণ্টা দেখা মিললো বিপিএলের হীরার ট্রফি

সন্ধ্যা ৬টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল। মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। তার ঠিক দেড় ঘণ্টা আগে একটি হেলিকপ্টারে করে মাঠে আনা হলো বিপিএলের বহুল কাঙ্ক্ষিত ট্রফিট। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এবারই দেখা গেল প্রথমবার।

বিপিএলের আগের আসরগুলোতে ট্রফি টুর্নামেন্টের আগেই চলে এলেও এবার তেমনটা হয়নি। টুর্নামেন্টের আগে ট্রফি নিয়েও ফটোসেশন হয়নি। তবে চমকটা ফাইনালের জন্যই তুলে রেখেছিল বিসিবি। ফাইনালের ঠিক আগে মাঠেই হলো ট্রফি নিয়ে ফটোসেশন।

লাল কাপড়ে ঢাকা ট্রফিটি হেলিকপ্টার থেকে মাঠে নামান আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা জেতা দুই অধিনায়ক তারাই— ২০১৮ সালে নারী এশিয়া কাপে সালমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন আকবর আলী।

এরপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে ফাইনালের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান দাঁড়িয়ে ফটোসেশন করেন।

এবারের বিপিএলকে ঘিরে ২৫ লাখ টাকা মূল্যের হীরকখচিত ট্রফি এনেছে বিসিবি। দুবাই থেকে এই ট্রফি প্রস্তুত করা হয়েছে৷ তবে পুরো টুর্নামেন্টে এই ট্রফি জনসম্মুখে না আনায় সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।