টাকার বিনিময়ে ভোট দিলে জনগণকে পাঁচ বছর ভোগান্তিতে থাকতে হবে: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ভোট কেনাবেচার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, টাকার বিনিময়ে ভোট দিলে জনগণকে পাঁচ বছর ভোগান্তির মধ্যে থাকতে হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব।’

নিজের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে ভোট ও দোয়া চেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম। তিনি বলেন, রাজনীতিতে যেন লুটেরা ও ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সমাবেশে তিনি অভিযোগ করেন, কিছু মানুষ সংসদীয় মনোনয়নকে বিনিয়োগ হিসেবে দেখে রাজনীতিতে প্রবেশ করে। পরে তারা গুন্ডাপাণ্ডা, করমুক্ত গাড়ি, ব্যবসা ও ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে দেশজুড়ে লুটপাট চালায়। এ ধরনের রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা ক্ষমতার রাজনীতিতে পরিণত হয়। এনসিপি সেই রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে জনগণের দোরগোড়ায় রাজনীতি পৌঁছে দিতে চায়। জনগণমুখী নির্বাচন ও ইনসাফভিত্তিক রাজনৈতিক কার্যক্রমই দলের লক্ষ্য বলে জানান তিনি।

নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।