শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করতে বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপের সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নাসা অ্যাস্ট্রো ক্যাম্প-৩’। রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গতকাল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন। ইপিলায়ন ফাউন্ডেশনের (Epyllion Foundation) সামাজিক উদ্যোগ ‘রিয়াজ পাবলিক স্কুল’ এবং ‘বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে। এই আয়োজনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো ক্যাম্পটি পরিচালনা করেন নাসা (NASA) থেকে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং সার্টিফায়েড ফ্যাসিলিটেটররা।
ক্যাম্প চলাকালে খুদে শিক্ষার্থীরা হাতে-কলমে মহাকাশ বিজ্ঞানের রোমাঞ্চকর সব পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভার্চুয়াল রিয়ালিটির (ঠজ) মাধ্যমে মহাকাশ ভ্রমণ, মঙ্গল গ্রহে নামার জন্য ‘মার্স ল্যান্ডার’ মডেল তৈরি, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং আলো-ছায়ার খেলার মাধ্যমে সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ধারণা লাভ। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে নাসা (NASA) থেকে সরাসরি প্রেরিত সনদপত্র (Certificate) এবং বিশেষ টি-শার্ট প্রদান করা হয়।
ইভেন্টের আয়োজন সম্পর্কে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প সাইট পার্টনার বাংলাদেশের ডিরেক্টর এবং ইপিলিয়ন গ্রুপের সিএসআর বিভাগের এজিএম নাজমুল আহসান স্বরূপ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। নাসা এসিসিপি (NASA ACCP) এর অফিশিয়াল পার্টনার হিসেবে আমরা আনন্দিত যে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন বিশ্বমানের লার্নিং মডিউলের মাধ্যমে সরাসরি হাতে-কলমে শিখতে পারছে।’
উল্লেখ্য যে, ইতিপূর্বে রিয়াজ পাবলিক স্কুল ‘On a Mission to Mars’ শিরোনামে আরওি দুটি সফল ক্যাম্প আয়োজন করেছিল।