দলের নতুন চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ কেন্দ্র করে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসমাগমের রেকর্ড গড়তে চায় বিএনপি নেতারা। টার্গেট পূরণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল রবিবার এ সমাবেশ হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরপরই চট্টগ্রামের এ সমাবেশ ঘিরে নগর থেকে গ্রাম সর্বত্র বিএনপি নেতাকর্মীরা এখন উজ্জীবিত। এদিকে সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে তৈরি হচ্ছে রেকর্ড ছয় হাজার বর্গফুটের বিশাল মঞ্চ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন সপ্তাহ। দুদিন আগে প্রতীক নিয়ে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। চট্টগ্রামের ১৬ আসনের সবকটিতে রয়েছে বিএনপির প্রার্থী। নির্বাচন সামনে রেখে যখন চট্টগ্রামের প্রতিটি অঞ্চল প্রচারণায় মুখর, তখনই বন্দর নগরী চট্টগ্রামে আসছেন তারেক রহমান। যিনি মাত্র দুই সপ্তাহ আগে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যে কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীতে তার এ আগমন নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ।
দলীয় সূত্রগুলো জানায়, চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নিলেও দীর্ঘ সময় দেশের বাইরে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। দলকে এগিয়ে নিতে তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন তিনি। এ জনসভায় দেশ ও চট্টগ্রাম নিয়ে নিজের ‘ভিশন’ তুলে ধরবেন। তাছাড়া প্রায় ২১ বছর পর চট্টগ্রাম আসছেন তিনি। তাই তাকে নিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের রয়েছে অন্যরকম আগ্রহ। নগরীর ও জেলা-উপজেলা থেকে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। প্রতিটি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমাবেশে আনতে বাস-জিপসহ প্রচুর গাড়ি ইতিমধ্যে বুকিং দেওয়া হয়েছে। দলের প্রত্যেক প্রার্থীকে এ ব্যাপারে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রার্থীরা সমাবেশকে নিজেদের জনসমর্থন প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন।
পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশ থেকে ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের চট্টগ্রামবাসীর কাছে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সব আসনের প্রার্থী, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। সভা থেকে সমাবেশের ব্যাপারে প্রার্থীদের বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের সব অঙ্গ সংগঠন সমাবেশ সফল করতে আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে।
তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও সমাবেশ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটাকে রাজনৈতিক দলীয় সমাবেশের গ-িতে আবদ্ধ করলে হবে না। এখানে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রাম আসছেন, এটি চট্টগ্রামবাসীর মাঝে অন্যরকম আবেগ আর আগ্রহ সৃষ্টি করেছে।