রাজশাহীতে ফারুক ওয়াসিফ

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দীর্ঘদিন ধরে অপুষ্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতা দীর্ঘদিন ধরে অপুষ্ট, অনিরাপদ এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং প্রায় দেড় হাজার সাংবাদিক বিভিন্নভাবে পঙ্গু হয়েছেন। তুলনা করে পিআইবি মহাপরিচালক বলেন, ১৯৭১ সালের নয় মাসে ১৩ জন সাংবাদিক শহীদ হন, অথচ জুলাই গণঅভ্যুত্থানের শেষ দুই সপ্তাহেই ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন পুলিশের গুলিতে প্রাণ হারান। তিনি বলেন, সাংবাদিকরা একই সঙ্গে জনগণের পক্ষে এবং ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।