‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি ‘১০-দলীয় ঐক্যের’ প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাবেন দলটির নেতারা। আগামীকাল রবিবার চট্টগ্রাম থেকে এ পদযাত্রা শুরু হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন তারা। ঢাকায় এসে কর্মসূচি শেষ হবে। এজন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে শাপলা কলির পাশাপাশি ১০-দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে প্রচার চালানো হবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া কেন প্রয়োজন, সে সম্পর্কে মানুষের সঙ্গে কথা বলবেন দলের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।