জামায়াত আমির

দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখবো না

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো, সেভাবে আমরাও বুক পেতে দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমীর। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমীর বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা করবো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

তিনি বলেন, তাদের (জুলাই গণঅভ্যুত্থানের শহীদ) প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করবো।

জামায়াত আমীর আরো বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদের কখনো ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

শনিবার সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এদিন সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে, বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শুরু করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। পরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন।