মিয়ানমার অভিবাসীদের সুরক্ষা বাড়াল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের অভিবাসীদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস—টিপিএস) বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে।

শুক্রবার (২৩জানুয়ারি) শিকাগোর ইউএস ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউ কেনেলি রায়ে বলেন, প্রায় চার হাজার মিয়ানমার নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে সরকারের যুক্তি যথাযথ ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। তিনি টিপিএস বাতিলের কার্যকারিতা পিছিয়ে দেন, যা সোমবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, এবং এ বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন।

গত নভেম্বর মাসে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির নাগরিকরা নিরাপদে ফিরতে পারেন—এই যুক্তিতে টিপিএস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিচারক বলেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় থাকা মিয়ানমারের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি।

মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলো মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। আদালতের এই আদেশের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।