লজ্জার হারে থামলো রাহবারদের সাফ ফুটসাল অভিযান

অনেক আশা নিয়ে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড গিয়েছিল বাংলাদেশ পুরুষ দল। তবে উদ্দেশ্যহীন ও অগোছালো খেলায় তাদের বিদায় নিতে হয়েছে বাজেভাবে। শনিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তারা নেপালের কাছে ধরাশায়ী হয়েছে ৫-১ ব্যবধানে। আগের ম্যাচেও রাহবার ওয়াহেদ খানরা পাকিস্তানের কাছে হেরেছিল বড় ব্যবধানে। ছয় ম্যাচের তিনটিতে হেরেছে তারা। দুই জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। 

সোমবার লিগ পর্বের খেলা শেষ জানা যাবে কোথায় তারা শেষ করবে সাত দলের আসর।

ভারতের সঙ্গে ড্রয়ে শুরু হয়েছিল।বাংলাদেশের অভিযান। দ্বিতীয় ম্যাচেই অবশ্য মালদ্বীপের কাছে বড় হারের তেতো স্বাদ পেতে হয়। তবে পরের দুই ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। সে আশা শেষ হয়ে গেছে পাকিস্তান ও নেপালের কাছে হেরে। 

ব্যর্থতার এ গল্পে আলাদা করে রাখতে হবে অধিনায়ক রাহবারকে।  প্রতি ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কানাডা প্রবাসী এ খেলোয়াড়। ছয় ম্যাচে করেছেন ৫ গোল। শেষ ম্যাচেও একমাত্র গোলটি করেছেন তিনি। এছাড়া পুরো আসরজুড়েই সতীর্থদের দিয়ে গোল করিয়ে নিজের জাত চিনিয়েছেন। তবে অন্যরা পারেননি রাহবারের সঙ্গে তাল মেলাতে। 

দক্ষিণ এশিয় অঞ্চলের ফুটসালে বাংলাদেশ যে অনেকটাই পিছিয়ে সে শিক্ষা নিয়ে দেশে ফিরতে হবে পুরুষ দলকে।