যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের গুলিতে স্ত্রীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিলে পারিবারিক কলহের জেরে ভারতীয় এক ব্যক্তির গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা তিনটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।

আটক করা হয়েছে ৫১ বছর বয়সী বিজয় কুমারকে, যিনি আটলান্টার বাসিন্দা। নিহতরা হলেন কুমারের স্ত্রী মিমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। জানিয়েছে গুইনেট কাউন্টি পুলিশ।  

বিজয় কুমারের বিরুদ্ধে চারটি করে এগ্র্যাভেটেড অ্যাসল্ট, ফেলোনি মার্ডার এবং ম্যালিস মার্ডারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তিনটি শিশুর প্রতি ক্রূর আচরণের অভিযোগও আছে। পুলিশ জানিয়েছে, শিশুগুলোর একজন আলমারিতে লুকিয়ে ৯১১-এ কল করার মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছাতে সাহায্য করেছে। শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।

অ্যাটলান্টার ভারতীয় কনস্যুলেট এই ট্রাজেডি নিয়ে শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।