জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে ওসমান হাদি হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের বিচার করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে তারা ভারতীয় আধিপত্যের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও এগিয়ে নিতে চাই। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব। অনিয়ম, চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলব। আমরা দুর্নীতি করব না। কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন। এবারের নির্বাচনে আপনারা চাঁদাবাজদের বয়কট করুন।
শফিকুর রহমান বলেন, সিরাজগঞ্জের তাঁত শিল্পের ব্যাপক উন্নয়ন করা হবে। দুঃখ দুর্দশাগ্রস্ত তাঁত শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে। এছাড়া সিরাজগঞ্জের দুগ্ধশিল্পকে বাঁচাতে উদ্যোগ নেওয়া হবে। সিরাজগঞ্জের দুধ সরাসরি ঢাকায় না পাঠিয়ে এখানেই গুঁড়া দুধ তৈরি করে সারাদেশের চাহিদা পূরণ করা হবে। এতে দুধ আর নষ্ট হবে না। তিনি আরও বলেন, যমুনা নদীর ভাঙ্গনে মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করব। যমুনার বাঁধ শক্তিশালী করবো। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করবো।
তিনি বলেন, জামায়াত সহ ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে-বাইরে কর্মস্থলে সুরক্ষা দেব। নারীদের উন্নয়নে কাজ করব। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন তারাই নারীদের ক্ষতি করে থাকেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম খান। এছাড়া সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আলম, সিরাজগঞ্জ- ২ (সদর ও কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা ও জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ অংশ নেন।