সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা বাংলাদেশি: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরকে চব্বিশের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চায় একটি দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবার একমাত্র পরিচয়-আমরা বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক।

শনিবার বিকালে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের পুরোধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর সবাই মিলে এই বাংলাদেশ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ভোটব্যাংক হিসভবে ব্যবহার করেছে। কিন্তু বিপদের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে।

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে-ইতিহাস তার প্রমাণ।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি গণতন্ত্রের মা। আজীবন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছেন। জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে-জনগণ স্বৈরাচার মেনে নেয় না।

সমাবেশে উপস্থিত মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এবং স্থানীয় বাসিন্দা ধানের শীষের প্রার্থী আলী আসগর লবী নির্বাচিত হলে মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে। আপনারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করবেন-কারো দয়ায় নয়, নাগরিক অধিকার নিয়ে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবী প্রমুখ।

এই সমাবেশে সনাতন ধর্মাবলম্বীর বিপুল নারী-পুরুষ যোগদান করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।