৩০০ এমপির বিরুদ্ধে লড়াই করার মার্কা হাঁস : রুমিন ফারহানা

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শনিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে একটি পথসভায় এ আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, ‘আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।’ তিনি বলেন, ‘১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমনটা লাগে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।’

রুমিন বলেন, ‘এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়। আমজনতার প্রতীক। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।’