কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল শেষে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার পেটে লাগে। এরপর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা আরও দুটি গুলি
ছোড়ে, তবে সেগুলো তার শরীরে লাগেনি।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
হাসান মোল্লার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক এবং ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।