রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পে, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিপক্ষে সাম্প্রতিক ধাক্কা ও কোচ পরিবর্তনের অস্থিরতার মধ্যেও লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলের জয়ে দলের নায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি ম্যাচে জোড়া গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। পরে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। এই জয়ে ২১ ম্যাচ শেষে দুই পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। রবিবার তলানির দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে জিতলে অবশ্য শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাবে বার্সেলোনা।

মাত্র ৫৪৯ ম্যাচেই ৪১৬ গোল করে রিয়াল কিংবদন্তী ব্রাজিলের রোনালদো নাজারিওর ক্যারিয়ার গোল সংখ্যা ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। রোনালদোর ৪১৪ গোল এসেছিল ৬১৬ ম্যাচে। অর্থাৎ ৬৭ ম্যাচ কম খেলেই গোলে তাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। চলতি লা লিগায় ২০ ম্যাচেই ২১ গোল করলেন তিনি।

মৌসুমের মাঝপথে বড় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করে ক্লাব। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচেই কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দলের কাছে লজ্জাজনক বিদায় নিতে হয়। এসব ঘটনার জেরে ঘরের মাঠে সমর্থকদের বিক্ষোভও দেখা যায়।

তবে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ায় সুযোগ তৈরি হয় রিয়ালের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভিয়ারিয়ালে জয় তুলে নিল আরবেলোয়ার দল। এটি তার অধীনে টানা তৃতীয় জয়।

ম্যাচ শেষে আরবেলোয়া এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা করে বলেন, “ওরা দুজনই বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে পড়ে। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা ওদের আছে। এই মাঠে জেতাটা সহজ নয়, পুরো দলের পরিশ্রমেই আমরা সফল হয়েছি।”।