রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। তারই আলোকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলা হবে। এ এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে সব সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করা হবে। শনিবার রাঙ্গামাটির কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভা ও গণসংযোগে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
কাউখালীর ঘাগড়ার কলাবাগান এলাকা থেকে পথসভা শুরু হয়ে ঘাগড়া বাজার, বেতবুনিয়া, বড়বিলি সোনাইছড়ি, নতুন বাজার, চাইরুই বাজার, গোদারপার আমতল এসে শেষ হয়। কাউখালী উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এসব পথসভা ও গণসংযোগে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।