হাদির পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি গতকাল শনিবার রাত ৮টায় এই জিডি করেন। জিডিতে ওমর বিন হাদি তার ও হাদির সন্তানের জীবন হুমকির কথা বললেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর তার সন্তান ও নিজের জীবন হুমকিতে আছে বলে জিডিতে উল্লেখ করেছেন ওমর বিন হাদি। এজন্য তাদের দুজনের নিরাপত্তা চেয়েছেন। তবে জীবন হুমকিতে থাকার কোনো সুনির্দিষ্ট কারণ বলেননি।

জিডিতে উল্লেখ করা হয়, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি (হাদির ভাই) ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। কারণ, যেহেতু হাদির খুনি চক্র গ্রেপ্তার হয়নি, সেহেতু হাদির খুনি চক্র যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।