লাহোরে হোটেলের বেজমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৩

পাকিস্তানের লাহোরের গুলবার্গ এলাকায় একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) এ দুর্ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ১৯ তলা ওই ভবনে একটি বেসরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠান চলছিল। এতে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হোটেলের বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে পুরো ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলো।

নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—ইমরান, শেহরিয়ার ও রিয়াজ।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টিরও বেশি উদ্ধার ও সহায়তাকারী যান মোতায়েন করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। কেউ বেজমেন্টে আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে সেখানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার কর্মকর্তারা আরও জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।