চট্টগ্রামে তারেক রহমান

ধানের শীষে আস্থা রাখুন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ব

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। যারা গণতন্ত্র ও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সবাইকে ধানের শীষের পতাকাতলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে একটি ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়ার কাজ শুরু করবে। 

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তারেক রহমান গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারীদের স্মরণ করে বলেন, অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন। তাদের এই ত্যাগের মর্যাদা দিতে হলে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপিই সেই পথ দেখাবে এবং জনগণের স্বপ্ন পূরণে কাজ করবে। উন্নয়নের নতুন অঙ্গীকার ব্যক্ত করে তিনি স্লোগান দেন— ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ২০১৫ সালের মতো আবারও মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তাই নিজেদের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং বেঁচে থাকার অধিকার রক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। 

ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেন ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পরে। সবাইকে সজাগ থাকতে হবে। ভোটের দিন সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রের সামনে চলে যেতে হবে এবং কেন্দ্রের সামনেই জামাতে ফজরের নামাজ পড়বেন। এরপরই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যেতে হবে।

জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করলে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো অভিযোগ থাকলে সরাসরি তাদের জানানো যাবে। প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এই মানুষগুলোই আপনাদের নিরাপদ জীবন নিশ্চিত করবে। পরিশেষে, বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধ্বনি দিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান।