বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে আশপাশের এলাকার সড়কে মানুষের ঢল নামায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে কিছুটা ব্যাঘাত হচ্ছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সমাবেশস্থলের আশপাশের টাইগারপাস, দেওয়ানহাট, স্টেশন রোড, নিউমার্কেট কদমতলী সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।
সরেজমিন দেখা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে টাইগারপাস এলাকা দিয়ে নিউমার্কেট যাচ্ছিলেন আজহার আলী। কিন্তু মোড়েই ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে দেন। দুপুর ১টার দিকে যানজটের কারণে পায়ে হেঁটেই কর্মস্থল যাওয়া সদরঘাটের দোকানদার মোহাম্মদ হাসান বলেন, ওয়াসা মোড়, ইস্পাহানি মোড় ও টাইগারপাস এলাকায় প্রচণ্ড যানজট। ওই এলাকায় গাড়িও যেতে চাচ্ছে না। তাই বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, পলোগ্রাউন্ড মাঠ, আশপাশের এলাকা ও নগরের স্টেডিয়াম এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা রয়েছে। সমাবেশস্থলের আশপাশের যানজট এড়াতে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে সমাবেশে বিপুলসংখ্যক জনগণের উপস্থিতির কারণে শহরজুড়ে দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন নগর ট্রাফিক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা।
২০ বছর পর চট্টগ্রামে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছান।