ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৪২টি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ ১৭টি ইউনিয়নে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৯টি, মাধ্যমিক বিদ্যালয় ২৯টি, মাদরাসা ১৮টি, দুইটি কলেজ ও অন্যান্য কেন্দ্র দুইটি। এ সব ভোটকেন্দ্র র্যাব পুলিশ ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হবে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসি ক্যামেরা দেখে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তাছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।