সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬০ থেকে ৬৫টি আসনে বিজয়ী হবে। এমনটা দাবী করেছেন ইসলামী আন্দোলনের ফেনী- ৩ আসনের মনোনীত প্রার্থী সাইফ উদ্দিন শিপন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত হলে রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া সকল সুবিধা জনগণের মাঝে বিলিয়ে দেবো। কোনো কিছুই আমি নিজের মত করে করবো না। বরং সকলের পরামর্শ নিয়েই কাজ করবো। এবং নির্বাচিত না হলেও পূর্বের মত জনগণের মাঝে নিজে বিলিয়ে দিয়ে কাজ করে যাবো। যথাযথ মূল্যায়ন না করায় তারা ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কাজ করা হবে। বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইসলামী আন্দোলন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। অতীতে বন্যার্তদের পাশে থাকা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনসহ মানবিক কার্যক্রমে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে।ভোটের পর জনগণ ইসলামী আন্দোলন ছাড়া অন্য কাউকে পাশে পাবে না।
তিনি অভিযোগ করেন, একটি বড় দল প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে।
মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা নুরুল করিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।