খুলনায় আদালত চত্বরের প্রধান ফটকের সামনে জোড়া হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে দুই র্যাব সদস্য। গতকাল শনিবার রাতে রূপসা উপজেলার আইচগাতী সেনের বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সেখান থেকে জোড়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন, রূপসা উপজেলার আইচগাতী গ্রামের ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় (২৫) ও একই গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন (২৬)। তারা খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাহিনীর সদস্য।
র্যাব সূত্র জানায়, খুলনার আদালত চত্বরের প্রবেশ মুখে জোড়া হত্যাকাণ্ডের দুইজন আসামি আইচগাতি ইউনিয়ন সেনের বাজারের পলাশের বাড়িতে অবস্থান করছিল। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি তৈরি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। র্যাবও আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে এ সময় র্যাব সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। তখন গ্রেপ্তার এড়াতে ঘরের টিন খুলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় গ্রেপ্তার হৃদয় ও নয়ন খুলনার আদালত চত্বরের সামনে রাজন ও রাব্বি হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছিল। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল ও দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।